উ.কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ.কোরিয়ার আহ্বান

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই সর্বশেষ হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার সম্ভাব্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে চীনের প্রতি বুধবার আহবান জানিয়েছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার বিজ্ঞানীদের যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন শক্তিশালী পারমানবিক বোমা বানানোর কথা বলার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এ আহবান জানালেন।
 
পার্ক উত্তর কোরিয়ার গত সপ্তাহের হাইড্রোজেন বোমার পরীক্ষাকে একটি বড় ধরনের উস্কানি হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্ব শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি অগ্রহণযোগ্য চ্যালেঞ্জ। উত্তর কোরিয়ার প্রধান মিত্র চীনও উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার সমালোচনা করেছিল। সেই কথা উল্লেখ করে তিনি বলেন, আমি নিশ্চিত চীন ভালো করেই জানে যে এখন যদি পদক্ষেপ না নেয়া হয় তাহলে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা অব্যাহত রাখবে। আমরাও কোরীয় উপদ্বীপে সত্যিকারের শান্তির নিশ্চয়তা দিতে পারবো না। আমি বিশ্বাস করি চীন এই পরিস্থিতিকে আরো খারাপ হতে দেবে না। পার্ক বলেন, উত্তর কোরিয়ার গত সপ্তাহের পরীক্ষার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। কারণ, তাদের এ পরীক্ষা আগের যেকোনো পরীক্ষা থেকে আলাদা ছিল। এএফপি