সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৌরসভা নির্বাচনের মতোই ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে।
বুধবার সকালে চট্টগ্রামে নবনির্মিত হাজি আরবান আলী সড়কের ফলক উন্মোচনকালে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রতীকে আমাদের প্রথম সাকসেসফুল এক্সপেরিমেন্ট হচ্ছে ২৩৪টি পৌরসভা নির্বাচন। নির্দলীয় নির্বাচনের চেয়ে এটা শতভাগ শুদ্ধ হয়েছে বলে আমি মনে করি। গত তিনটি নির্দলীয় নির্বাচনের চেয়ে এবারে নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে।
তিনি জানান, আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে চারলেনে উন্নীত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া মার্চ-এপ্রিলের দিকে চীনের প্রধানমন্ত্রী কর্ণফুলী টানেলের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দিতে পারেন।