শিক্ষকদের আন্দোলন জটিল পর্যায়ে: শিক্ষামন্ত্রী

 
বেতন কাঠামো নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের বিষয়টি ‘জটিল পর্যায়ে’ চলে গেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘আন্দোলনের বিষয়টি জটিল পর্যায়ে চলে গেছে। সরকার ও শিক্ষক উভয় পক্ষেই আন্তরিক আলোচনা চলছে। সবার জন্য সম্মানজনক সমাধানের পথ খোঁজা হচ্ছে। কবে সমাধান হবে এর দিনক্ষণ বলা যাবে না, তবে সর্বোচ্চ চেষ্টা চলছে।’
 
বুধবার আশুলিয়ার দত্তপাড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ‘উচ্চশিক্ষার সম্ভাবনাময় খাত’ অভিহিত করে তিনি বলেন, ‘অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার মান বৃদ্ধিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক বিদেশি শিক্ষার্থীও এসব বিশ্ববিদ্যালয়ে পড়ছে।’