সিলেটে জোড়া খুন : আরো দুই জন রিমান্ডে

সিলেটের খাদিমনগর বিসিক শিল্প নগরীতে বিস্কুট কারখানার দুই কর্মচারীকে হত্যায় গ্রেফতার আরো দুইজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
 
বুধবার দুপুরে সিলেট মহানগর হাকিম মামুনুর রহমান সিদ্দীকী তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
 
আদালত পুলিশের পরিদর্শক মো. নফিজুল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা আসামি রায়হান আহমদ ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিন করে রিমান্ড মঞ্জুর করে।
 
এর আগে মঙ্গলবার পংকি মিয়া, রকি আহমদ ও জামাল আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন করে রিমান্ডে পায় পুলিশ।
 
গত শুক্রবার সন্ধ্যায় খাদিমনগর বিসিক শিল্প নগরীর বনফুল ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরির কর্মচারী রাজু মিয়া ও তাপু মিয়া দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন। আহত হন রাসেল আহমদ নামে আরেকজন। এ ঘটনায় শুক্রবার রাতেই রাজুর ভাই মাসুদ পারভেজ বাদী হয়ে ১০ জনকে আসামি করে শাহপরান থানায় মামলা করেন। মামলায় এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।