আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ নগরীতে পাকিস্তান কনস্যুলেটের কাছে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধে অন্তত ৭ জন নিহত হয়েছে। বুধবার কনস্যুলেটে হামলার পরপরই বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধে আরো ১১ জন আহত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইয়াহু নিউজ জানিয়েছে, হামলার দায় স্বীকার করেছে আইএস।
গত সপ্তাহে মাজার-ই-শরীফে ভারতীয় কনস্যুলেটে হামলার সঙ্গে এ হামলার ঘটনার মিল আছে। তালেবানের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা সচল করা এবং ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা শিথিল করার চেষ্টার মধ্যে পাক কনস্যুলেটে এ হামলা হয়।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেছেন, এক আত্মঘাতী বোমা হামলাকারী পাকিস্তানের ভিসার জন্য দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়ের মাঝে ঢোকার চেষ্টা করে এবং ভবনে ঢুকতে না পেরে বোমার বিস্ফোরণ ঘটায়। বিষ্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। ইয়াহু নিউজ।