দীপিকার ছোট বোনকে নিয়ে বাবা-মা স্থায়ীভাবে বসবাস করেন ব্যাঙ্গালুরুতে। আর কাজের সুবাদে বেশ অনেক বছর ধরেই মুম্বাইয়ে বসবাস করছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। তবে সম্প্রতি দীপিকা বলেন বলিউডেও নাকি তার পরিবার রয়েছে।
এ বিষয়ে দীপিকা এক সাক্ষাৎকারে বলেন, কে বলেছে মুম্বাইয়ে আমার পরিবার থাকে না? মুম্বাইয়ে রানভির সিংয়ের পরিবারই আমার পরিবার। আমি এখন রানভিরের পরিবারের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ। আর আমি রানভিরের পরিবারকেই নিজের পরিবার মনে করি।'
তবে নিজেদের মধ্যে কোন প্রকার সম্পর্কের কথা স্বীকার না করে দীপিকা বলেন, 'রানভির আমার খুব ভাল বন্ধু। আর রানভিরের সাথে আমার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে আমি নতুন কোন নাম যুক্ত করতে চাই না। আমরা একে অপরকে খুব ভাল ভাবে অনুভব করি। এভাবেই আমি সারা জীবন রানভিরের সাথে থাকতে চাই। আমরা দু'জন খুব ভাল বন্ধু।'
বেশ কিছু দিন আগে দীপিকার ৩০ তম জন্মদিনে খুব খোলাসা করে প্রস্তাব না দিলেও রানভির দীপিকাকে বলেছিলেন 'সারা জীবন থাকতে চাই দীপিকার সাথে'। আর সেই ধারাবাহিকতায় হয়তো দীপিকাও খুব বেশি খোলাসা করে তার প্রস্তাব প্রত্যাখ্যান না করে অস্পষ্ট করেই ফিরিয়ে দিলেন রানভিরকে।