শম্পার ​চতুর্থ একক অ্যালবাম

শিগগিরই রিলিজ পেতে যাচ্ছে সঙ্গীতশিল্পী শম্পা দেওয়ানের ৪র্থ একক অ্যালবাম ‘এক সময়ের গল্প’। মোট ৬টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এরমধ্যে থাকছে একটি রবীন্দ্রসঙ্গীত। অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন কামাল দেওয়ান। অ্যালবামের প্রকাশনা উপলক্ষে আজ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। পাঁচটি মৌলিক গানের মধ্যে একটি রবীন্দ্রসঙ্গীত যোগ করা প্রসঙ্গে শম্পা বলেন, ‘রবীন্দ্রসঙ্গীত দিয়েই আমার হাতেখড়ি। সেই থেকেই রবীন্দ্রসঙ্গীতের প্রতি আমার একটি আলাদা ভালোলাগা সবসময়। কোনো অনুষ্ঠানে গান গাইলেও রবীন্দ্রসঙ্গীতের অনেক অনুরোধ পাই। তাই পাঁচটি মৌলিক গানের সাথে একটি রবীন্দ্রসঙ্গীত রেখেছি।’
 
অডিও বাজারের এই দুরবস্থায় সিডি এখন শুধুমাত্র শোপিস। সেই জায়গা থেকে অ্যালবামের বাইরে সবাই চিন্তা করছে অনলাইন নির্ভর। এ প্রসঙ্গে শম্পা বলেন, ‘অ্যালবামের গুরুত্ব সবসময় থাকবে। এটাই স্বাভাবিক। যদিও অ্যালবাম এখন কেউ কিনছেন না। তবে একজন শিল্পীর পরিচয় কিন্তু অ্যালবামের মধ্য দিয়েই। আর হ্যাঁ, এখন পুরো বিশ্বই অনলাইন নির্ভর। সবাই যদি ডাউনলোড করে গান পেয়ে যায় তবে কেন অ্যালবাম কিনবে। আমার অ্যালবামের গানগুলোও বিকল্প মাধ্যমে শ্রোতারা শুনতে পাবেন।’
 
চতুর্থ অ্যালবাম নিয়ে শম্পা বেশ আশাবাদী। অ্যালবামের গানগুলো প্রসঙ্গে তিনি বলেন, ‘খুবই যত্ন নিয়ে অ্যালবামটি করেছি। আমি চাই আমার গানগুলো শুনে যেন আমাকে বলে যে গানটি ভালো হয়েছে। এটি একজন শিল্পী হিসেবে বড় পাওয়া।’