দেশে আইএসের অস্তিত্ব নেই : আইজিপি

পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। তবে কেউ যদি জঙ্গি সংগঠনটির কার্যক্রমে উদ্বুদ্ধ হয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

বুধবার বিকেলে বগুড়া জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ বছরে দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। তার এই উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটানোর চেষ্টা চলছে। তাই দল মতের ঊর্ধ্বে থেকে সবাইকে মৌলবাদ, জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করতে হবে।

 

তিনি আরো বলেন, বগুড়া উত্তরবঙ্গের উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। অথচ একজন যুদ্ধাপরাধীর ফাঁসির রায় ঘোষণার পর ২০১৩ সালে মৌলবাদীরা এখানে তাণ্ডব চালিয়েছিল। 

 

এর আগে বিকেলে বগুড়া পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন আইজিপি শহীদুল হক। এ সময় পুলিশ সদস্যদের প্যারেডে সালাম গ্রহণ করেন তিনি।

 

পরে বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামানের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আইজিপি পত্মী শামসুন্নাহার রহমান। এ সময় অন্যদের মাঝে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।