জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক হারুন-অর-রশিদকে জেরা করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী। মামলার প্রধান আসামি খালেদা জিয়ার অনুপস্থিতেই এই জেরা চলছে।
 
বৃহস্পতিবার পুরান ঢাকার বকশি বাজারের আলিয়া মাদ্রাসা সংলগ্ন অস্থায়ী আদালতে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে এই জেরা হচ্ছে।
 
তদন্ত কর্মকর্তা হারুন-অর-রশিদকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুর রেজ্জাক খান।
 
এর আগে বৃহস্পতিবার সকালে আদালতের কার্যক্রম শুরু হলে খালেদা জিয়ার অনুপস্থিতির জন্য সময় আবেদন করা হয়। অনুপস্থিতির সময় মঞ্জুর করে জেরা করার আদেশ দেন আদালত।
 
এর আগে গত ২১, ৩১ ডিসেম্বর ও ৭ জানুয়ারি তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ করেন আদালত।
 
২০১৪ সালের ১৯ মার্চ ওই আদালতের তৎকালীন বিচারক বাসুদেব রায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্টের দুই মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।