আট বছর ধরে হিমায়িত রাখা ভ্রুণ থেকে মেয়ে সন্তানের জন্ম দিলেন সাবেক মিস ওয়ার্ল্ড ডায়না হেইডেন। মুম্বাইয়ের সান্তাক্রুজ শহরতলীর একটি হাসপাতালে চলতি মাসে সন্তানের জন্ম দেন ৪২ বছর বয়সী ডায়না।
সুরিয়া হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ভূপেন্দ্র আভাস্তি বলেছেন, মা ও তার সন্তান ভালো আছেন। ডায়নার স্বামী কলিন ডিক তাদের সঙ্গে ছিলেন।
আভাস্তি বলেছেন, ভারতে নবজাতকরা সাধারণত গড়ে ২.৬ কেজি ওজনের ও ৪৮ সেন্টিমিটারের হয়। কিন্তু ডায়নার মেয়ে ওজনে ৩.৭ কেজি ও লম্বা ৫৫ সেন্টিমিটার।
চিকিত্সকরা জানিয়েছেন, যেসব নারী ত্রিশোর্ধ্ব ও চল্লিশোর্ধ্ব বয়সে সন্তান জন্ম দিতে চান তাদের জন্য ভ্রুণ হিমায়িত করে রাখা হয়।
গাইনী বিশেষজ্ঞ নন্দিতা পালশেটকার বলেছেন, সাধারণ ৩৫ বছরের পরে হিমায়িত ভ্রুণ থেকে সন্তান জন্ম দেয়া হয়। তিনি দাবি করেছেন, ৪২ বছর বয়সে হিমায়িত ভ্রুণ থেকে সন্তান জন্ম দেয়া বিষয়টি এটাই প্রথম।
নন্দিতার ক্লিনিকেই ডায়নার ভ্রুণ আট বছর ধরে হিমায়িত ছিল। ২০০৭ সালের অক্টোবর থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তারা ডায়নার ১৬টি ভ্রুণ হিমায়িত করেছিলেন। খবর: এনডিটিভি।