এটুআই কর্তৃক নির্মিত ই-ফাইল ও বিভিন্ন ই-সেবা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে এই এমওইউ স্বাক্ষরিত হয় বলে এটুআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক জসিম উদ্দীন আহমেদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সমঝোতার আওতায় এটুআই এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথ উদ্যোগে ই-ফাইলিংসহ বিভিন্ন ই-সেবা বাস্তবায়ন করবে।
এ ছাড়া ই-সেবা বাস্তবায়নের বিষয়ে প্রচার এবং সচেতনতা তৈরি, প্রশিক্ষণের চাহিদা নিরুপণ, প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা, কারিগরি সহায়তা প্রদান এবং সিস্টেম ব্যবহারকারীদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর কাজ করবে। প্রশিক্ষণ কর্মসূচিসহ সার্বিক কার্যক্রম সমন্বয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে সহযোগিতা দেবে এটুআই।
এ কার্যক্রমের ফলে ই-সেবা বাস্তবায়ন সম্পর্কে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি পাবে এবং সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানো সম্ভব হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার। এ ছাড়া এটুআই এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।