‘খুব শিগগিরই চলমান আন্দোলনের সমাধান হবে’

 
খুব শিগগির চলমান আন্দোলনের সমাধান হবে বলে আশা প্রকাশ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমাদের শিক্ষকেরা অত্যন্ত পরিশ্রম করে সেশনজটের সমস্যা থেকে ফিরে এসেছেন। আমরা আবার সেই অবস্থায় ফিরে যেতে চাই না। শিক্ষার্থীদের ব্যাপারে আমরাও খুব উদ্বিগ্ন এবং আমরা আশা করছি খুব দ্রুত এর সমাধান হবে।’
 
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষকদের চলমান কর্মবিরতি প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
 
ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘ছেলে-মেয়েদের পড়ালেখা বিঘ্নিত হোক, এটা আমরা যেমন চাই না, তেমনি প্রধানমন্ত্রীও চান না। এ সমস্যা সমাধানে নানামুখী তত্পরতা চলছে। আমরা আশা করছি, আলোচনার মাধ্যমে সম্মানজনক সমাধানে পৌঁছাতে সক্ষম হব। এই আন্দোলনে শিক্ষার্থীদের পড়ালেখার যে ক্ষতি হচ্ছে, সেটা পরবর্তীতে শিক্ষকেরা অতিরিক্ত ক্লাস নিয়ে পুষিয়ে দেবেন।’
 
কর্মবিরতির চতুর্থ দিনে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি। শিক্ষকদের দাবি মেনে নেয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজ বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।