বিএনপির রাজনীতিবিদরা রাজনৈতিক অপুষ্টিতে আক্রান্ত : নাসিম

 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি আদর্শের রাজনীতিবিদরা রাজনৈতিক অপুষ্টিতে আক্রান্ত। এ কারণে তাঁরা দেশে জ্বালা-পোড়াও, পুড়িয়ে মানুষ হত্যাসহ বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালান, এমনকি মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েও প্রশ্ন তোলেন। তাদের পুষ্টিসমৃদ্ধ করতে পারলে সব কিছু ঠিক হয়ে যাবে।’
 
বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় পুষ্টি নীতি-২০১৫’ অবহিতকরণ সভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলাদেশকে আত্মনির্ভরশীল দেশ হিসেবে চিহ্নিত করে আরো বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা এখন পুষ্টিতে সমৃদ্ধ হতে চাই। এক সময় ক্ষুধা-দারিদ্র্যের দেশ ছিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ওই অধ্যায় থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা এখন আত্মবিশ্বাসী জাতিতে পরিণত হয়েছি।