জাকার্তা হামলায়ও ‘আইএস’

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সন্ত্রাসী হামলায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি দল ইসলামিক স্টেট জড়িত বলে ধারণা করছে দেশটির পুলিশ। আইএস সংশ্লিষ্ট একটি ওয়েবসাইটেও জাকার্তা হামলার দায় স্বীকার করা হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে জাকার্তার কেন্দ্রস্থলে বোমা ফাটিয়ে গুলি চালিয়ে আত্মঘাতি এই হামলাকে ধরনের দিক দিয়ে তুলনা করা হচ্ছে দুই মাস আগের প্যারিস হামলার সঙ্গে।
 
এই হামলায় অন্তত দুজন বেসামরিক নাগরিক এবং পাঁচ হামলাকারী নিহত হয়েছেন। জাতিসংঘে কর্মরত এক ডাচ নাগরিকসহ আরো ২০ জন আহত হয়েছেন। নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে একজন কানাডার নাগরিক, অন্যজন ইন্দোনেশীয়। হামলাকারীদের দুজনের মৃত্যু হয়েছে আত্মঘাতী বোমায়। বাকি তিনজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। এই হামলার কেন্দ্র ছিল জাকার্তার সারিনা শপিং মল মোড়, যা রাজধানী শহরের প্রধান বাণিজ্যিক এলাকা। কাছেই প্রেসিডেন্ট প্রাসাদ, জাতিসংঘ ভবন এবং ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংক।
 
হামলা শুরুর পরপরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। এরপর চার ঘণ্টা হামলাকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলি চলে।
 
আইএস সংশ্লিষ্ট ওয়েবসাইট ‘আমাক’ এক প্রতিবেদনে লিখেছে, ইসলামিক স্টেট যোদ্ধারা সকালে ইন্দোনেশিয়ার রাজধানীতে বিদেশি নাগরিক এবং তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সশস্ত্র হামলা চালিয়েছে।
 
জাকার্তার পুলিশ প্রধান টিটো কার্নাভিয়ান বলেছেন, বাহরুন নাইম নামের এক ইন্দোনেশীয় নাগরিকই এই হামলার মূল পরিকল্পনাকারী বলে মনে করা হচ্ছে, যিনি বর্তমানে সিরিয়ায় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 
 
দেশটির পুলিশ বাহিনীর মুখপাত্র আন্তন শার্লিয়ান বলেছেন, হামলাকারীরা প্যারিস হামলার ধরণই অনুসরণ করেছে বলে মনে হচ্ছে। আর এক্ষেত্রে আইএসপন্থি স্থানীয় কোনো উগ্রপন্থি দলও জড়িত থাকতে পারে। 
 
শার্লিয়ান জানান, গত নভেম্বরেই আইএস এর হামলার হুমকি তারা পেয়েছিলেন।