হঠাৎ করেই শোবিজ অঙ্গনে বছরের শুরুতেই বয়ে গেল বিয়ের হাওয়া। আর বছরের প্রথম বিয়েতেই শোবিজ অঙ্গনের আলোচিত জুটি শখ-নিলয় বিয়ের বন্ধনে আবদ্ধ হন। হয়তো এই বছরটিতে এভাবে হঠাৎ করেই বিয়ের পিড়িতে বসতে পারেন অনেক শোবিজ তারকারা।
সেই ধারাবাহিকতায় নিজের বিয়ে প্রসঙ্গে মেহজাবিনের সাথে কথা বলা হলে তিনি ইত্তেফাককে বলেন, ‘হুট করে বিয়ে করার কোন পরিকল্পনা নেই আমার। এ ছাড়া আমি এখন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তাই বিয়ের জন্য আমি আরো একটু সময় নিতে চাই।'
আসন্ন ভালবাসা দিবসকে ঘিরেই এখন ব্যস্ত শোবিজ অঙ্গনের সবাই। সেক্ষেত্রে বিজ্ঞাপন ও নাটকের নিয়মিত অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও পিছিয়ে নেই। সম্প্রতি তিনি ‘বন্ধুত্ব ও ভালোবাসার গল্প’শিরোনামের একটি নাটকের শুটিং শেষ করেছেন। নাটকটি প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘বিশেষ দিবসের নাটকে আমি সব সময় খুবই আগ্রহী। কারণ বিশেষ দিবসের নাটক মানেই স্পেশাল গল্প। সেক্ষেত্রে ভালবাসা দিবসের নাটক তো আরও স্পেশাল।’
IMG0
তিনি আরো বলেন, 'বন্ধুত্ব ও ভালোবাসার গল্প’শিরোনামের নাটকটির নামেই বোঝা যায় এটি একটি ব্যাতিক্রম ধর্মী রোমান্টিক নাটক। আমি এ পর্যন্ত অনেক নাটকেই অভিনয় করেছি।তবে এই নাটকটিতে আমরা শেষ দৃশ্যের শুটিং-এর কাজ আগে শেষ করেছি। এটা আমার একটি ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা। আশা করি দর্শকরা নাটকটি দেখে অনেক মজা পাবে।'
ভালবাসা দিবসের এই বিশেষ নাটকে মেহজাবিনের সাথে জুটি বেঁধেছেন এই সময়ের ব্যস্ত অভিনেতা সজল। এছাড়া নাটকটিতে আরো অভিনয় করেছেন ফারুক আহমেদ, সামিরা, রাহেল, ফয়সাল, মিতু। আসছে ভালোবাসা দিবসে নাতকটি প্রচারিত হবে একটি বেসরকারি চ্যানেলে।