ইন্দোনেশিয়ার জাকার্তায় জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে বাহরুন নাইম নামের এক জঙ্গিকে সন্দেহ করছে দেশটির পুলিশ প্রশাসন। পুলিশের দাবী, নাইম এখন আছেন সিরিয়ায় আইএস এর কথিত রাজধানী রাকায়, আর সেখান থেকেই তিনি এই হামলার ছক সাজিয়েছেন। সূত্র- বিবিসি।
জাকার্তার পুলিশ প্রধান টিটো কার্নাভিয়ান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, নাইম বেশ কিছুদিন ধরেই হামলার পরিকল্পনা করছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএস এর নেতা হওয়ার ‘বাসনা’ রয়েছে তার।
পুলিশ আরও বলছে, ইস্ট ইন্দোনেশিয়া মুজাহিদিন গ্রুপের নেতা আবু ওয়ারদা সান্তোষোর সঙ্গে নাইমের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সোলো আর জাভা এলাকায় গত কয়েক বছর ধরে গড়ে ওঠা জঙ্গি চক্রের মূল সংগঠকও এই নাইম। জাকার্তা হামলার মূল পরিকল্পনাকারীও সে।
বৃহস্পতিবার সকালে জাকার্তার কেন্দ্রস্থলে বোমা ফাটিয়ে গুলি চালিয়ে জঙ্গি হামলা চালানো হয়। এতে নিহত হন পাঁচ হামলাকারীসহ সাতজন। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি দল ইসলামিক স্টেট এর দায় স্বীকার করেছে।