প্রকাশ হলো শম্পার চতুর্থ একক অ্যালবাম ‘এক সময়ের গল্প’

প্রকাশিত হলো সঙ্গীতশিল্পী শম্পা দেওয়ান-এর চতুর্থ একক অ্যালবাম ‘এক সময়ের গল্প’। এ উপলক্ষে ১৪ জানুয়ারি, ২০১৬ বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অ্যালবামের মোড়ক উন্মোচন করেন সঙ্গীতশিল্পী ফরিদা পারভিন ও অভিনেত্রী ডলি জহুর। মোট ৬টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। ৫ টি মৌলিক গানের পাশাপাশি অ্যালবামে থাকছে একটি রবীন্দ্রসঙ্গীত।
 
অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন কামাল দেওয়ান। রবীন্দ্রসঙ্গীত যোগ করা প্রসঙ্গে শম্পা বলেন, ‘রবীন্দ্রসঙ্গীত দিয়েই আমার হাতেখড়ি। সেই থেকেই রবীন্দ্রসঙ্গীতের প্রতি আমার একটি আলাদা ভালোলাগা সবসময়। কোনো অনুষ্ঠানে গান গাইলেও রবীন্দ্রসঙ্গীতের অনেক অনুরোধ পাই। তাই পাঁচটি মৌলিক গানের সাথে একটি রবীন্দ্রসঙ্গীত রেখেছি।’
 
চতুর্থ অ্যালবামের গানগুলো প্রসঙ্গে তিনি বলেন, ‘খুবই যত্ন নিয়ে অ্যালবামটি করেছি। শ্রোতাদের ভালোলাগার কথা মাথায় রেখেই অ্যালবামের গানগুলো সাজিয়েছি। শ্রোতাদের সাড়া পাওয়াই একজন শিল্পীর সবচেয়ে ভালো লাগা।’