কৌতুক অভিনেতা জিমি মোরালেস গুয়েতেমালার নতুন প্রেসিডেন্ট

গুয়াতেমালার নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন সাবেক কমেডি অভিনেতা জিমি মোরালেসের। তার অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন। রাজনীতিতে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই গেল অক্টোবরে দেশটির নির্বাচনে তিনি জয়ী হন। প্রেসিডেন্ট হিসাবে অভিষেক অনুষ্ঠানে মোরালেস দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার ঘোষণা করেছেন।
 
ত্রিশ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষপর্যায়ের কোনো নেতা গুয়াতেমালার প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিলেন। অনুষ্ঠানে দেয়া দীর্ঘ বক্তব্যে মোরালেস দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রশংসা করে দেশটিতে ‘নবজাগরণ’ ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন। স্বাস্থ্য ও শিক্ষাখাতে ব্যয়ের অঙ্গীকার করে সকলের সহায়তা কামনা করেছেন তিনি। মোরালেস বলেন, 'আমি সবার জন্য মানসম্মত শিক্ষা চাই যা আধুনিক প্রাযুক্তিক বিশ্বের জন্য আমাদের শিশুদের প্রস্তুত করে তুলবে।' অবশ্য মোরালেসের বিরোধীরা সমালোচনা করে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কীভাবে লড়াইটা চালাবেন কিংবা গুয়াতেমালার উচ্চমাত্রার সহিংসতা, দারিদ্র্য ও সামাজিক অসাম্য রোধে কী ব্যবস্থা নেবেন সে সম্পর্কে খুব কম ইঙ্গিত দিয়েছেন তিনি।
IMG0
গত অক্টোবরে দ্বিতীয় দফা নির্বাচনে সরকারে অনভিজ্ঞ একজন কৌতুক অভিনেতা জয়ী হওয়া দেশটির অভিজাত রাজনৈতিক শ্রেণির প্রতি মানুষের অনাস্থার বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
 
নির্বাচনে জয়ী হওয়ার পর মোরালেস বলেছিলেন, 'দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেসিডেন্ট হিসাবে তিনি গুয়াতেমালার জনগণের ম্যান্ডেট পেয়েছেন। আর তার প্রতি অর্পিত দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর।' তাকে নির্বাচিত করায় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। দেশটির সাবেক প্রেসিডেন্ট পিরেজ মলিনাকে অভিসংশন করার পর গত সেপ্টেম্বরে তাকে গ্রেফতার করা হয়। তিনি এখন কারাগারে বিচারের অপেক্ষায়। সূত্র: বিবিসি