থাইল্যান্ডের মধ্যাঞ্চলে পর্যটকবাহী এক ভ্যান দুর্ঘটনায় মেক্সিকোর ৪ ব্যক্তি নিহত হয়েছে। হতাহতরা সবাই পর্যটক। পর্যটকদের বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের ওপর আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
পর্যটকদের দলটি একটি ভাড়া করা ভ্যানগাড়িতে চড়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে সুখোথাই যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। জেলা পুলিশের কর্মকর্তা ক্যাপ্টেন পাতিওয়াত সোনথিরোদ বলেন, চালক গাড়িটির দিক পরিবর্তন করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ওপর ধাক্কা খায়। এতে ৪ জন নিহত ও অপর ৬ জন আহত হয়। নিহতদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী। আহতদের একজনের অবস্থা গুরুতর।
তিনি আরো বলেন, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন অথবা তিনি ওই রাস্তা সম্পর্কে ভালভাবে জানতেন না। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে। সূত্র: এএফপি