আমেরিকার মৃত্যুপথযাত্রী একটি শিশুর চীনে ‘বিখ্যাত’ হওয়ার ইচ্ছা পূরণ করতে শুরু করেছে চীনের বাসিন্দারা। ক্যান্সার আক্রান্ত ডোরিয়ান মারের শেষ ইচ্ছা, সে যেন চীনে পরিচিত হয়ে ওঠে। কারণ সেখানে বিখ্যাত ‘গ্রেট ওয়াল’ রয়েছে।
যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের আট বছর বয়সী ডোরিয়ান ৪ বছর বয়স থেকেই ক্যান্সারের সাথে লড়াই করছে। গত ১১ জানুয়ারি, ডোরিয়ানের জন্য তৈরি করা ফেসবুক পাতায় তার বাবা লিখেছে, ডোরিয়ান একরাতে জানায়, স্বর্গে যাবার আগে তার শেষ ইচ্ছা, সে যেন গ্রেট ওয়ালের দেশ চীনে ‘বিখ্যাত’ হয়ে ওঠে।
IMG0
এরপরই চীন ও অন্য দেশের বাসিন্দাদের ডোরিয়ানের জন্য ছবি তুলে অনলাইনে তাদের কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়। চীনে ফেসবুক বন্ধ থাকা সত্ত্বেও, ডোরিয়ানের বাবা-মায়ের এই আবেদন দেশটিতে ছড়িয়ে পড়েছে। এখন চীনের হাজার হাজার বাসিন্দা মহা প্রাচীরের ওপর ছবি তুলে তার সঙ্গে শেয়ার করছেন। -বিবিসি