অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যুদ্ধাপরাধের সমান বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সিরিয়ায় মানবিক সাহায্য দিতে দ্বিতীয় আন্তর্জাতিক ত্রাণবহরটি দুর্ভিক্ষপীড়িত মাদায়া শহরে পৌঁছানোর পর তিনি একথা বলেন।
বেশ কয়েকমাস ধরে সরকারি বাহিনী অবরোধ করে রাখায় বিদ্রোহীনিয়ন্ত্রিত এই শহরটির অধিবাসীরা গুরুতর মানবিক সংকটের মধ্যে রয়েছে বলে মুন জানান। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাকে স্পষ্ট হতে দিন, অনাহারকে যুদ্ধের একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা যুদ্ধাপরাধ’। তিনি আরো বলেন, ‘সিরীয়দের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব রয়েছে যার, সেই সিরিয়া সরকারসহ সব পক্ষই নিষ্ঠুর কর্মকাণ্ড সংঘটিত করছে’।
এদিকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতর থেকে আল জাজিরার সাংবাদিক জানান, যদিও মুনের এই মন্তব্যগুলো সিরিয়ায় প্রায় পাঁচ বছরের যুদ্ধ নিয়ে অন্যতম কঠোর বক্তব্য তার মানে এই নয় যে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে। সূত্র: আল জাজিরা