ঢাকা-দিল্লি চুক্তি বাস্তবায়ন গুরুত্ব পাবে: শ্রীংলা

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় স্বাক্ষরিত চুক্তিগুলোর বাস্তবায়ন তার কাছে বিশেষ গুরুত্ব পাবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে সম্পর্ককে নতুন গভীরতা ও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করার কথাও জানান তিনি।
 
ভারতীয় গণমাধ্যমগুলোকে শ্রীংলা জানিয়েছেন, দুই দেশের নেতারা যে বিষয়গুলোতে একমত হয়েছেন তা বাস্তবায়ন করা তার কাছে বিশেষ গুরুত্ব পাবে। ঢাকা ও নয়া দিল্লির সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করাকেই তিনি তার প্রধান দায়িত্ব বলে উল্লেখ করেন।
 
কাজের অগ্রাধিকার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলেন, দুই দেশের নেতারা খুবই গুরুত্বপূর্ণ ও উন্নয়নমূলক সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা জরুরী।
 
বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন শ্রীংলা। তিনি পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হলেন। ৩০ বছরের কূটনৈতিক ক্যারিয়ারে নতুন দিল্লি, প্যারিস, হ্যানয় ও তেল আবিবে ভারতীয় কূটনৈতিক মিশনে তিনি কর্মরত ছিলেন। ঢাকায় নিযুক্ত হওয়ার আগে থাইল্যান্ডে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন শ্রীংলা।
 
পঙ্কজ শরণ রাষ্ট্রদূত থাকাকালে, ভারতে সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত চুক্তি বাস্তবায়িত হয়। তবে তিস্তার পানি বণ্টন নিয়ে এখনো মীমাংসায় আসতে পারেনি ঢাকা ও নয়া দিল্লি। সূত্র: দ্য হিন্দু