পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ইজতেমা শেষে যে সকল বিদেশি মুসল্লি আরো ৪০ দিন বা তার চেয়েও বেশি সময় বাংলাদেশে অবস্থান করবে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হবে এবং নিরাপত্তাও দেয়া হবে। শনিবার দুপুরে টঙ্গীতে বিশ্ব ইজতেমা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
একেএম শহীদুল হক বলেছেন, বিদেশি মুসল্লিদের অনুরোধ করা হয়েছে তারা যে এলাকায় চিল্লায় যাবেন সে তালিকা যেন পুলিশকে দেয়া হয়। ঐ এলাকায় পুলিশ তাদের নিরাপত্তা দেবে এবং তাদের পর্যবেক্ষণে রাখা হবে। তারা যদি পল্লী এলাকায়ও যান তবুও আমাদের পুলিশ তাদের নিরাপত্তা দেবে এবং পর্যবেক্ষণে রাখবে।
আইজিপি বলেন, বিশ্ব ইজতেমায় মুসল্লিরা আসে শান্তি, কল্যাণ ও মুসলিম উম্মার কল্যাণের জন্য। এখানে কোন দুষ্কৃতিকারী কিছু করবে তা আমি বিশ্বাস করি না। তারা এমন সাহসও পাবে না, সামর্থ্যও নেই।
তিনি বলেন, বিশ্ব ইজতেমাকে ঘিরে কোন ধরনের আশঙ্কা নেই। জনগণ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ পছন্দ করে না। ইজতেমার আখেরি মোনাজাতের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, ইজতেমার পুরো ময়দানকে নিরাপত্তা বাহিনীর ঘিরে রেখেছে। পুরো এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। ইলেকট্রিক ডিভাইস থেকে আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় যে সকল কৌশল নেয়া হয় আমাদের সব কৌশল নেয়া হয়েছে।
এসময় পুলিশের অতিরিক্ত আইজিপি (ট্রেনিং) মোঃ মইনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামান, ঢাকা রেঞ্জে অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মোহাম্মদ আলী, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।