এবার যৌথভাবে আইনি ঝামেলায় শাহরুখ-সালমান

আইনি ঝামেলা যেন পিছু ছাড়ছে না বলিউড খানদের।  গেল বছর আইনি জটিলতায় বহু বার সংবাদ শিরোনামে এসেছেন সালমান খান।  আর সেই রেশ নতুন বছরেও ছাড়ছে না তার পিছু।   তার পুরনো  আইনি জটিলতা শেষ হতে না হতেই নতুন ঝামেলায় পরতে যাচ্ছেন তিনি।  তবে এবার সালমান একা নয় তার সাথে একই ঝামেলায়  পরেছেন বলিউড কিং শাহরুখ খান। 
 
সম্প্রতি বলিউডের কিং  শাহরুখ ও ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত তারকা অভিনেতা সালমান খানের বিরুদ্ধে হিন্দু মহাসভার দায়ের করা এক অভিযোগ গ্রহণ করেছেন ভারতের স্থানীয় একটি আদালত। অভিযোগে বলা হয়, এই দুই বলিউড তারকা নাকি একটি রিয়েলিটি শোয়ের শুটিং-এ মন্দিরে জুতা নিয়ে প্রবেশ করেছেন। আর এই নিয়েই শুরু হয় সমালোচনা। প্রবর্তিতে সমালোচনাটি রূপ নেয় আইনি জটিলতায়। এ বিষয়ে আদালত অভিযোগের শুনানির তারিখ নির্ধারণ করেছেন ১৮ জানুয়ারি।
 
গত বছরের ডিসেম্বর মাসে কালারস টেলিভিশন চ্যানেলে প্রচারিত ‘বিগ বস-৯’ অনুষ্ঠানের একটি দৃশ্যে দেখা গেছে, সালমান ও শাহরুখ খান জুতা পায়ে একটি মন্দিরের ভেতরে। হিন্দু মহাসভার মীরাট ইউনিটের সভাপতি ভারত রাজপুত এ কথা বলেছেন।
 
এ বিষয়ে রাজপুত জানান, কোনও ধর্মীয় স্থানে কারোরই জুতা পায়ে প্রবেশ করা উচিত নয়। আর বিষয়টি টেলিভিশনে প্রচারের কারণে যে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে।