ভেনিজুয়েলায় 'অর্থনৈতিক জরুরি অবস্থা' জারি

 
ভেনিজুয়েলায় অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশের স্থবির অর্থনৈতিক পরিস্থিতি উত্তরণে নিকোলাস মাদুরো সরকার এই পদক্ষেপ নিলো।বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম পড়ে যাওয়ায় নিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও তীব্র মূল্যস্ফীতিতে ভুগছে দেশটির অর্থনীতি।
 
সরকারের অফিসিয়াল গেজেটে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করে বলা হয়েছে, সারা দেশে ৬০ দিনের জন্যে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটিতে এখন মূল্যস্ফিতির পরিমাণ ১৪১ শতাংশেরও বেশি।
 
ভেনিজুয়েলার অর্থমন্ত্রী লুইস সালাস বলেন, এ পদক্ষেপের ফলে জনগণ অর্থনৈতিক যুদ্ধ থেকে রক্ষা পাবে এবং অতিদ্রুত তেলের দর পতন রোধ হবে।
 
জরুরি অবস্থা জারির ফলে দেশটির নির্বাহী বিভাগ বিশেষ কিছু ক্ষমতা পাবে। ফলে তারা জনগণের কাছে পণ্য ও সেবা পৌঁছে দেয়ার বিষয়টি নিশ্চিত করতে পারবে। এছাড়া এর আওতায় কর ফাঁকি রোধ এবং সরকারি ঠিকাদারি কাজের প্রক্রিয়া সহজ হবে।সূত্র: আল জাজিরা