আর এ গণির পরিবারকে সমবেদনা জানালেন খালেদা জিয়া

দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণির মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
 
তিনি শনিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির ১৯ নম্বর সড়কে মরহুম ড. আর এ গণির বাসায় তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে উপস্থিত হন। বেগম জিয়া প্রয়াত গণির পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান। সেখানে তিনি আধা ঘণ্টা অবস্থান করেন।
 
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, সাবেক সংসদ সদস্য শাম্মী আকতার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে মারা যান এর এ গণি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা শেষে শুক্রবার বিকেলে বনানী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়। আর এ গণির বয়স হয়েছিল ৮৯ বছর। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।