চলমান শিক্ষক আন্দোলনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিট আবেদনে ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষকেদেরে ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। রবিবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউসুন আলী আকন হাইকোর্টের সংশ্লিস্ট শাখায় এ রিট আবেদন করেন। বিচারপতি সৈয়দ মো. গস্তগীরের ডিভিশন বেঞ্চে এ রিট আবেদনের শুনানি হতে পারে বলে জানা গেছে।
রিট আবেদনে বলা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনের ফলে শিক্ষাঙ্গনে স্থবিরতা সৃষ্টি হয়েছে। শিক্ষকরা ক্লাস না নেয়ায় শিক্ষার্থীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। তৈরি হচ্ছে সেশনজট। শিক্ষকরা মর্যাদা বৃদ্ধির জন্য যে আন্দোলন করছেন তা অবৈধ ঘোষণার জন্য রিট আবেদনে উল্লেখ করেছেন আবেদনকারী। আবেদনে শিক্ষা, আইন সচিব, বিশ্ববিদ্যালয়ের ফেডারেশনের নেতাদের বিবাদি করা হয়েছে।