স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনি নির্বাচন চান, নির্বাচন হবে, তবে সেটা ২০১৯ সালের একদিন আগেও নয়। সে পর্যন্ত অপেক্ষা করুন।’
শনিবার ময়মনসিংহের গৌরীপুরে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভবন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি বলেছিলেন শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন না। কিন্তু পৌরসভা নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। তাই বলতে চাই, আপনি যা বলবেন তা করতে পারবেন না।’
সিভিল সার্জন ডা. একেএম মোস্তফা কামালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ, ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান ভূঞা, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এমএ মোহী, পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান ফকির প্রমুখ বক্তব্য রাখেন।
এরপর ডা. মুক্তাদির চক্ষু হাসপাতালে মন্ত্রী বিনামূল্যে চক্ষু সেবার উদ্বোধন করেন।