রাজধানীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আজ রবিবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাটক ‘আমিনা সুন্দরী’। ২০০৭ সালে থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত এই নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।
প্রায় ৩০০ বছরের পুরনো লোককাহিনী ‘নছর মালুম ও ভেলুয়া সুন্দরী’-এর গল্পকে সংগীতের অপূর্ব ব্যবহারের মধ্য দিয়ে এস এম সোলায়মান রচনা করেছেন নাটক ‘আমিনা সুন্দরী’। বাঙালী নারীর প্রেম ও পুরুষ শাসিত সমাজে নারীর প্রতি পুরুষের প্রবঞ্চনা মূলত এ গল্পের প্রধান উপজীব্য।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সেলিম মাহবুব, চন্দন রেজা, প্রশান্ত হালদার, এজাজ, রিয়াজ হোসেন, ফেরদৌস আমিন বিপ্লব, সাইফ সুমন, কামরুজ্জামান মিল্লাত, ফৌজিয়া করিম অনু, শিল্পী চৌধুরী, আনিকা মাহিন, দীপ্তা, হাসনাত প্রদিপ, সুজন, শাপলা, সাকিল, সুমন ও লেলিন।
নাটকটির নির্দেশক রোকেয়া রফিক বেবী বলেন, ‘জীবন শেষ তো বেবাক শেষ। ছোট্ট একটি সংলাপ আমাকে বারবার টেনে নিয়ে গেছে আমিনার কাছে, মুখোমুখি করেছে সহস্র প্রশ্নের। এ নাটকে মানুষের প্রেম, সংগ্রাম আর মানবিকতার মিশেলে যে জীবন, তার মহত্ম আমাকে তাড়িত করেছে বারবার। মহাকালের কাছে মানব জীবনের ক্ষুদ্রতা, আর এক মানব জীবনের মহত্মের কাছে মহাকালের ক্ষুদ্রতার দ্বন্দ্বে আমি আলোড়িত হয়েছি।’