প্রযোজকের হাতে মার খেলেন নবীন চলচ্চিত্র নির্মাতা বুলবুল বিশ্বাস

প্রযোজকের  হাতে মার খেলেন নবীন চলচ্চিত্র নির্মাতা বুলবুল বিশ্বাস। শনিবার সন্ধ্যায় এফডিসিতে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে জানা। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় ‘পাংকু জামাই’ শিরোনামের শুটিং সেটে সিনিয়রদের সামনে সিগারেট ধরানোর কারণে প্রযোজক ইকবাল কর্তৃক মারধরের শিকার হয়েছেন ‘রাজনীতি’ চলচ্চিত্রের পরিচালক বুলবুল বিশ্বাস।
 
এ বিষয়ে প্রযোজক ইকবাল ইত্তেফাককে জানান, 'আমরা অনেক দিন যাবত চলচ্চিত্রের সাথে জড়িত। সে ক্ষেত্রে সিনিয়রদের আমরা সব সময়ই সম্মান করে আসছি। সেদিন আমার শুটিং সেটে আমার সাথে আরও উপস্থিত ছিলেন প্রবীণ নির্মাতা পরিচালক মান্নান সরকার, সিনিয়র ফাইট ডিরেক্টর চুন্নু,  ডিওপি মজনু। তাদের সামনে কয়েকদিনের এই বাচ্চা পরিচালক সিগারেট ধরালো !'
 
তিনি আরও বলেন, 'সিগারেট খাওয়া কোন অপরাধ নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে সবার সামনে এই কাজটি করলে অনেকেই অপমান বোধ করতে পারেন।আর এই ছেলেটি আমাদের সবাইকে চেনার পরও আমাদের সামনে এই কাজটি করেছে। তার মত একটি শিক্ষিত ছেলের কাছে এটা আশা করা যায় না। সেক্ষেত্রে আমিও নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করতে পারিনি।'
 
বুলবুল বিশ্বাস আক্রমণের শিকার হলেও পাশে দাঁড়াননি নিত্য পরিচালক মাসুম বাবুলসহ অন্যরা এবং বিষয়টি মীমাংসার জন্য কেউ এগিয়ে আসেননি। এমনকি উপস্থিত শাকিবও ছিলেন নির্বিকার। এদিকে কিছুদিন আগে বুলবুল বিশ্বাসের দুর্ব্যবহারের কারণে চিত্রনায়িকা অপু বিশ্বাস শুটিং সেট থেকে চলে যান।