সিরিয়ায় ৪ শতাধিক জনকে অপহরণ করেছে আইএস

সিরিয়ার পূর্বাঞ্চলীয় নগরী দির এজোরে ইসলামিক স্টেট (আইএস) জিহাদিরা নারী ও শিশুসহ অন্তত চারশ বেসামরিক লোককে অপহরণ করেছে। নগরীর নতুন এলাকা আইএসের দখলে যাওয়ার পর এই গণ অপহরণের ঘটনা ঘটে।
 
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ‘শনিবার দির এজোরে হামলার পর আইএস জিহাদিরা অন্তত চারশ বেসামরিক লোককে অপহরণ করেছে। অপহৃতরা শহরের উত্তর-পশ্চিম এলাকাগুলোর বাসিন্দা। জঙ্গিরা ওই এলাকাটি দখলে নিয়েছে।
 
অবজারভেটরির প্রধান রামি আব্দেল রহমান বলেন, 'যাদেরকে অপহরণ করা হয়েছে তাদের সকলেই সুন্নি সম্প্রদায়ের লোক। অপহৃতদের মধ্যে নারী, শিশু ও সরকার সমর্থক যোদ্ধাদের পরিবারের সদস্য রয়েছেন।' সূত্র: এএফপি