পাঁচ জেএমবি সদস্যের ১০ বছর করে কারাদণ্ডাদেশ

রাঙামাটিতে পাঁচ জেএমবির সদস্যকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলা যুগ্ম ও দায়রা জজ আজিজুল হকের আদালতে এ রায় ঘোষণা করা হয়। সারাদেশে একযোগে বোমা হামলার ঘটনায় তাদেরকে এ সাজা দেয়া হলো।
 
কারাদণ্ডাদেশ পাওয়া জেএমবির সদস্যরা হলেন-রাঙামাটির বরকল উপজেলার ওবায়দুর রহমান খায়ের, দিনাজপুরের আরিফুল ইসলাম, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আইয়ুব আলী, নীলফামারীর জলঢাকা উপজেলার মো. আবদুল হাফিজ খলিল ও কক্সবাজারের মো. জাবেদ ইকবাল।
 
এ ছাড়া বরকলের মো. রুহুল আমীনকে খালাস দিয়েছেন আদালত।
 
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট আসামিরা রাঙ্গামাটির প্রেস ক্লাব, রিজার্ভ বাজার চৌমুহনী, বনরুপা এলাকায় সিরিজ বোমা হামলা চালায়। তদন্তে ও সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেছেন বলে জানিয়েছেন কোর্ট পরিদশক মো. মোমিনুল ইসলাম।