দাউদ মার্চেন্টকে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

 
দাউদ মার্চেন্টকে ভারতে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ভারতের কারাগারে বন্দি বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বদলে দাউদকে ফেরত দেয়া হচ্ছে- এমন গুঞ্জনের মধ্যেই মন্ত্রীর এই বক্তব্য এলো।
 
সোমবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এক্সচেঞ্জ করে কাউতে দিতে হবে বা আনতে হবে তা নয়। যে বিদেশিদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের কয়েকজন আমাদের কারাগারে রয়েছে। যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে, তাদের ফেরত পাঠাতে আমরা সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোতে যোগাযোগ করি।’ ভারতীয় ‘মাফিয়া ডন’ দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত দাউদ মার্চেন্টের ক্ষেত্রেও ‘সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে’ বলে জানান মন্ত্রী।
 
স্বরাষ্ট্রমন্ত্রী দাউদ মার্চেন্টের সাজা শেষ হওয়ার কথা বললেও বাংলাদেশে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে করা মামলার রায়ই এখনো হয়নি। অবৈধভাবে বাংলাদেশে ঢুকে ধরা পরার পর গত সাত বছর ধরে তিনি এ দেশে রয়েছেন।
 

গত বছর ৯ ডিসেম্বর ৫৪ ধারার একটি মামলায় গোয়েন্দা পুলিশ  (ডিবি) দাউদ মার্চেন্টের অব্যাহতি চেয়ে আবেদন করে, যা বছরের শেষভাগে গণমাধ্যমে আসে।