দেশের পোশাকখাত নিয়ে করা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনকে এ খাত নিয়ে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে তারই অংশ হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ। তিনি বলেছেন, যে চক্রটি আমাদের সর্বোচ্চ রফতানি আয়ের এ খাতকে ধ্বংস করতে চায় তাদের যোগসাজোশেই টিআইবি এ রিপোর্টটি করেছে।
সোমবার সকালে জাতীয় শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে জাতীয় চার নেতার অন্যতম সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলীর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান বক্তার বক্তৃতায় ড.হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
টিআইবির কড়া সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, টিআইবি হলো সুশীল সংগঠনের ছদ্মাবরণে এমন একটি সংগঠন যারা সবসময়ই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, দেশের বৈদেশিক মুদ্রার প্রায় ৮০ শতাংশ আসে পোশাক শিল্পখাত থেকে।