আত্মসমর্পণ করে বিয়ে করায় পুলিশের চাকরি উপহার!

আত্মসমর্পণ করায় বিয়ের উপহার হিসেবে পুলিশের চাকরি পেয়েছেন ভারতের সাবেক দুই মাওবাদী গেরিলা। ছত্তিসগড় প্রদেশের পুলিশের বরাতে এ খবর জানা গেছে। -খবর এনডিটিভির
 
কোশি মারকাম ছিলেন মাওবাদী দলের প্লাটুন সদস্য। সে সময় বাসতারের জানমিলিশিয়া ডেপুটি কমান্ডার ছিলেন লক্ষ্মণ পোদিয়াল। এ দুই মাওবাদী সদস্য একে অন্যের প্রেমে পড়েন। তারা বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু দলের নেতারা তাতে বাধ সাধেন। এরপর প্রেমের টানে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন দু’জন।
 
পুলিশের পক্ষ থেকে ধুমধাম করে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। আর বিয়ের উপঢৌকন হিসেবে দেয়া হয় পুলিশের চাকরি। বাসতার রেঞ্জের পুলিশের মহাপরিদর্শক এসআরপি কালুরি বলেছেন, যদি অন্ধ্র বা তেলেঙ্গানার মাওবাদী কমান্ডাররা বিয়ে করতো তাহলে কোন সহিংসতার প্রয়োজন পড়তো না। কিন্তু মাওবাদীরা কোন বিয়ের অনুমতি দেয় না।
 
উপরন্তু বিয়ের বদলে তাদেরকে শাস্তি, এমনকি হত্যা পর্যন্ত করা হয়। তাই এই বিয়ের মাধ্যমে আমরা তাদের এই বার্তা দিতে চাই, যদি তারা আত্মসমর্পণ করে, আমরা তাদেরকে সহায়তা দিবো এবং সাথে চাকরিরও ব্যবস্থা করবো।
 
এদিকে সাবেক মাওবাদী গেরিলা লক্ষ্মণ বলেন, আগে আমরা পুলিশের বিরুদ্ধে লড়াই করতাম। এখন সেই পুলিশই আমাদের বিয়ের ব্যবস্থা করলো। আমরা খুব সুখী এবং ভালো আছি।