বন্দি বিনিময়ে যুক্তরাষ্ট্র ও ইরান

 
ইরান ও যুক্তরাষ্ট্রের কারাগারে আটক দুই দেশের বেশ কয়েকজন বন্দি মুক্তি পেয়েছেন। ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরিপ্রেক্ষিতে দু’দেশের মধ্যে এ বন্দি বিনিময় হলো।
 
ইরান তাদের কারাগার থেকে ইরানি বংশোদ্ভূত ৪ মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে। তাদের তিনজন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে তেহরান ছেড়েছেন। তারা হচ্ছেন: ওয়াশিংটন পোস্টের তেহরান ব্যুরো চীফ জেসন রেজাইয়ান। অপর দু’জন হলেন আইডাহোর খ্রিস্টান ধর্মগুরু সাইদ আবেদিনি এবং মিশিগানের সাবেক মেরিন সেনা আমির হেকমতি। মুক্তি পাওয়া চতুর্থ ইরানি-মার্কিনী হচ্ছেন নসরাতুল্লাহ খোসরাভি-রুদসারি। এর আগে শনিবার আলাদাভাবে আরেকজন মার্কিন বন্দি ম্যাথিউ ট্রেভিথিককে মুক্তি দেয় ইরান।
 
অপরদিকে যুক্তরাষ্ট্রের কারাগারে আটক কয়েকজন ইরানি-আমেরিকানকেও মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। মার্কিন কারাগার থেকে ৭ জন বন্দিকে মুক্তি দেয়া হচ্ছে বলে এর আগে জানিয়েছিলেন বন্দিদের আইনজীবীরা। এদের ৬ জনেরই ইরান এবং যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব আছে। ওই বন্দিদের ৪ জন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।