স্ত্রী রিচিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেশে এলেন রাশেক মালিক

মাত্র মাস কয়েক আগেই স্বামী রাশেক মালিকের সঙ্গে বেশকিছুদিন সময় কাটিয়ে দেশে ফিরলেন রিচি। দেশে ফিরেই আবারো পেশাগত কাজে ব্যস্ত হয়ে ওঠেন তিনি। তবে এবার স্বামী রাশেক মালিকই দেশে আসছেন স্ত্রীকে সময় দিতে। তাও আবার স্ত্রীর বিশেষ একটি দিনে। আসছে ২৩ জানুয়ারি অভিনেত্রী রিচির জন্মদিন। দিনটিতে নায়ক রাজ রাজ্জাকেরও জন্মদিন হওয়ায় রিচির জন্মদিনের বিষয়টি সবসময়ই আড়ালেই থেকে যায়। বিষয়টি রিচিও মেনে নেন এই ভেবে যে এমন কিংবদন্তীর জন্মদিনে তার জন্মদিনের বিষয়টি আড়ালে থেকে যাওয়াটাই স্বাভাবিক। তারপরও রিচি নিজের মতো করেই সবসময় জন্মদিন উদযাপন করার চেষ্টা করেন।

এবার জন্মদিনে রিচির স্বামী রাশেক মালিক দেশে আসছেন। তাই তাকে নিয়ে জন্মদিনে বিশেষ পরিকল্পনা থাকার পাশাপাশি মিডিয়া অঙ্গনের সিনিয়র তারকাশিল্পীদের নিয়ে থাকছে বিশেষ আয়োজন। রিচি বলেন, ‘সবসময়ই আসলে আমি নিজের মতো করেই জন্মদিন উ্দযাপন করার চেষ্টা করি। কিন্তু এবার আমার জন্মদিনে আমি যেসব সিনিয়র তারকাদের সঙ্গে বিভিন্ন সময়ে অভিনয় করেছি, তারা বিশেষভাবে আমন্ত্রিত থাকবেন। সেইসঙ্গে থাকবেন আমার প্রিয় প্রিয় কিছু মুখ। সবাই আমাকে দোয়া করবেন, আমার সঙ্গে সময় কাটাবেন এমন একটি দিনে এটাই আমার চাওয়া।’

এদিকে রাশেক মালিক ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘আমি খানিক সারপ্রাইজ দেবার জন্যই এবারে হুট করে এসেছি। রিচিও খুবই চমকে গেছে, যখন আমি হঠাৎ করে ওকে জানিয়েছি।’