গুণী অভিনেত্রী ডলি জহুর। সাদাকালো থেকে রঙিন সেলুলয়েড পর্দার এক সময়ের আলোচিত অভিনেত্রী তিনি। চলচ্চিত্রের দীর্ঘ যাত্রায় সফলতার ঝুলিত যেমন রয়েছে অনেক ব্যবসাসফল চলচ্চিত্র তেমনি একজন আদর্শ অভিনেত্রীর জায়গা থেকে এখনও সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তবে চলচ্চিত্রকে বিদায় জানিয়েছেন ২০১১ সালেই। এরপর এখন পর্যন্ত তার ব্যস্ততা ছোটপর্দাকে ঘিরেই। তার বর্তমান ব্যস্ততা ও মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সাথে।
এখন নাটকে আগের চেয়ে আপনাকে অনেক কম দেখা যায়, কারণ কী?
আমি এখন আগের তুলনায় কাজ অনেক কমিয়ে দিয়েছি। এখন মাত্র দু’টি ধারাবাহিকে কাজ করছি। আর আগের মতো কাজ করতে ইচ্ছে হয় না। অনেক তো অভিনয় করলাম, আর কত! এখন বয়স অনেক বেড়েছে। সিনিয়রদের জন্য কাজের পরিবেশ এখন আর অনুকূলে নেই।
অনুকূলে মনে হচ্ছে না কেন?
এখন মিডিয়াতে অনেক নতুনরা আসছেন। তাদের একটা শ্রেণির মধ্যে শিল্পের প্রতি শ্রদ্ধাবোধের অনেক অভাব। অনেকেই জানে না যে, সিনিয়র শিল্পীর সাথে কেমন আচরণ করতে হয়। তাদের মধ্যে কাজের প্রতিও ডেডিকেশনের অভাব। কিন্তু কাজ করতে গেলে তো আর শিল্পী বেছে বেছে কাজ করা যায় না। তাই অন্যকে দোষ না দিয়ে নিজেকেই একটু গুটিয়ে নিলাম।
চলচ্চিত্র থেকে সরে আসার কারণও কি একই?
না, এই কারণটা ভিন্ন। একটা সময় সেখানে নোংরামি প্রকট আকার ধারণ করেছিল। যেটা আমাকে আহত করেছে। তাছাড়া চলচ্চিত্রের মান একেবারে তলানিতে ঠেকেছিল। সব মিলিয়ে আর চলচ্চিত্রে কাজ করতে মন সায় দেয়নি। তাই চলচ্চিত্রকে বিদায় জানিয়েছি।
নাটকের মান নিয়েও অনেক সমালোচনা চলছে, আপনার যৌক্তিকতা কী?
টিভি নাটকের মান এখন মোটামুটি ভালোই বলা যায়। তবে বর্তমান কিছু নির্মাতা ভারতীয় সিরিয়ালগুলোকে অনুকরণ করছেন। যেটা আমাদের নাটক তথা সংস্কৃতির জন্য নেতিবাচক। আমরা যদি ভারতীয় সিরিয়ালের মতো করে নাটক নির্মাণ করি, যেটাতে কোনো সামাজিক বার্তা নেই, যা আমাদের ভালো থেকে খারাপটাই বেশি শিক্ষা দেবে। তাই দর্শকদের বলবো বাংলা নাটক দেখুন, আমাদের নাটককে উত্সাহিত করুন।
কিন্তু দর্শকরা ভারতীয় চ্যানেলমুখীর কারণ কি আমাদের নাটকের দুর্বলতা মনে করেন না?
এটা আমাদের নাটকের দুর্বলতার কারণে নয়। এই দায় চ্যানেলগুলোর। একটা নাটকের জন্য যে বাজেট দেওয়া হয় তা প্রয়োজনের তুলনায় কম। এই বাজেট দিয়েই অনেক ভালো নাটক আমাদের নির্মাতারা বানাচ্ছেন। কিন্তু অতি মাত্রার বিজ্ঞাপন দর্শকদের বিরক্তির মূল কারণ। যদিও কোনো কোনো চ্যানেল এখন বিজ্ঞান প্রচার কমিয়ে আনছেন। তবে সব চ্যানেল এই বিষয়টি খেয়াল করলে দর্শক আমাদের চ্যানেলেই থাকবে।