জার্মানির কোলন শহরে নববর্ষের রাতে যৌন নিপীড়নের ঘটনায় একজন আলজেরীয় শরণার্থীকে গ্রেফতার করা হয়েছে। ওই হামলার ঘটনায় সন্দেহভাজন হিসাবে এই প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো।
কার্পেন শহরের একটি শরণার্থী আশ্রয় কেন্দ্র থেকে ২৬ বছর বয়সী ওই তরুণকে গ্রেফতার করা হয়। তবে তার নাম প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে একজন নারীকে হয়রানি এবং তার মোবাইল ফোন চুরির অভিযোগ আনা হয়েছে। কোলনের হামলার ঘটনার পর পুরো জার্মানি জুড়েই ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় চুরির অভিযোগে আরো একজন আলজেরীয়কে গ্রেপ্তার করা হয়। কোলনের পুলিশ জানিয়েছে, নববর্ষের রাতের ঘটনায় ৮৮৩ জন বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ করেছেন।
এদের মধ্যে ৪৯৭ জন নারী যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। পুলিশ বলছে, সেদিন রাতে ৭৬৬টি অপরাধের ঘটনা ঘটেছে, যার মধ্যে তিনজনকে ধর্ষণ করা হয়েছে। কোলনের ঘটনার পর জার্মানিতে শরণার্থী বিরোধী মনোভাব বাড়ছে। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল তার শরণার্থীদের জন্য খোলা দরজা নীতির কারণে সমালোচিত হন। বিবিসি।