ডুয়েল সিমে এলো ৪ জিবি র‍্যামের গ্যালাক্সি নোট ৫

২০১৫ সালে বাজারে আসে গ্যালাক্সি নোট ৫। ডিভাইসটি বিপুল গ্রাহকপ্রিয়তা পাওয়ায় নতুন একটি ফ্ল্যাগশিপ ফোন এনেছে স্যামসাং। ‘গ্যালাক্সি নোট ৫ ডুয়েল সিম’ নামের এই হ্যান্ডসেট বর্তমানে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। সূত্র- টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।
 
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের এই স্মার্টফোন তিনটি রঙে বাজারে ছাড়া হয়েছে। ভারতের বাজারে ৫৭ হাজার ৪০০ রুপিতে ডিভাইসটি পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ হাজার ৫৭০ টাকা।
 
ফোনটিতে ১৪৪০x২৫৬০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৭ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে রয়েছে। এতে প্রসেসর হিসেবে ৬৪ বিটের ২.১ গিগাহার্টজের অক্টাকোর এবং অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ব্যবহার করা হয়েছে। সুপার অ্যামোলেড ডিসপ্লের এই ফোনে এস পেন স্টাইলাস ব্যবহার করা যাবে।
 
৪ গিগাবাইট (জিবি) র‍্যামের এই ফোনে ২৩ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা পাওয়া যাবে। তবে এতে অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ নেই।
 
এতে ভিডিও করা ও ছবি তোলার জন্য ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। ক্যামেরায় আবার জুড়ে দেয়া হয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি। এতে ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
 
স্যামসাংয়ের টাচ উইজার্ড ইউআই লেয়ার সমৃদ্ধ এই ফোনে ৩০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এছাড়াও এতে ফার্স্ট চার্জিং এবং ওয়্যারলেস টেকনোলজি রয়েছে।
 
ফোনটিতে ব্লুটুথ ৪.২ এলই, অ্যান্ট+, মাইক্রো ইউএসবি ২.০, এনএফসি, জিপিএস/গ্লোনাস এবং ফোরজি এলটিই নেটওয়ার্ক সুবিধা পাওয়া যাবে।