অষ্টম জাতীয় বেতন কাঠামোয় গ্রেড সমস্যা নিরসন ও অসঙ্গতি দূর করার দাবিতে আন্দোলনরত শিক্ষকের কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে বৈঠকে বসছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। মঙ্গলবার বিকালে পাঁচটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল জানিয়েছেন, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচন হয়েছে। সেখানে তিনি আমাদের বিষয়টি বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেছেন। কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে আমরা বিকালে বৈঠক করে সিদ্ধান্ত নেব।
অষ্টম জাতীয় বেতন কাঠামোয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসংগতি দূর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
শিক্ষকদের বেতন স্কেল ও গ্রেড-সমস্যা নিরসনের দাবিতে গত কয়েক মাস থেকে আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠনগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আলোচনার উদ্যোগের না নেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তারা।