২২ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় শুরু হচ্ছে হ্যান্ডসেট উন্মোচনের মহোৎসব ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)’। অনুষ্ঠানটিতে চমক দেখাতে মুখিয়ে আছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। তথ্য ফাঁস হওয়া এড়াতে নিজেদের সেরাটা নিয়ে গোপনে চলছে তাদের সকল কাজ। কিন্তু কঠোর রাখঢাক সত্ত্বেও বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্টফোনের তথ্য বা ছবি ফাঁস হওয়া রোধ করা যাচ্ছে না।
এমডব্লিউসি দিনক্ষণ যত এগিয়ে আসছে তত বেশি ঘটছে তথ্য ফাঁস হওয়ার ঘটনা।
জি সিরিজের ফোন দিয়ে বাজারে একটা শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে এলজি। এই অবস্থান দখলে রাখতে এবারের এমডব্লিউসি’তে প্রতিষ্ঠানটি ‘এলজি জি৫’ নামের একটা ফোন উন্মোচন করতে যাচ্ছে। কিন্তু এর আগেই ডিভাইসটির ডায়াগ্রামের ডিজাইন ফাঁস হয়ে গেছে অনলাইনে। সূত্র- অ্যান্ড্রয়েড অথরিটি ও জিএসএম অ্যারেনা।
ডায়াগ্রাম বিশ্লেষণ করে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলো বলছে, এলজি জি ৫ –এ ৫.৬ ইঞ্চির ডিসপ্লে, প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন ৮২০, ২০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। এছাড়াও ডিভাইসটিতে ওয়াইফাই, স্পিকার, ব্লুটুথ ও এসএফসি সুবিধা থাকবে।
মেটাল বডির এই ফোনটি দৈর্ঘ্যে ১৪৯.৪ মিলিমিটার ও প্রস্থে ৭৩.৯ মিলিমিটার হবে এবং এর পুরত্ব হবে ৮.২ মিলিমিটার।
ডিভাইসটির অপারেটিং সিস্টেম বা ব্যাটারি সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এমডব্লিউসি’তে গ্যালাক্সি এস৭ উন্মোচন করবে স্যামসাং। মূলত এই ডিভাইসটির সঙ্গে টেক্কা দিতে জি৫ উন্মোচন করতে যাচ্ছে এলজি।