আমাদের নিজেদের তৈরি ধারাবাহিক বিপদগুলোর কারণেই মানবসভ্যতা ঝুঁকিতে আছে বলে মন্তব্য করেছেন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং। তার মতে এই বিপদগুলোর মধ্যে রয়েছে পরমাণু যুদ্ধ, বৈশ্বিক উষ্ণতা এবং জেনেটিক প্রকৌশলের মাধ্যমে তৈরি ভাইরাসসমূহে। তিনি এটাও বলেছেন, বিজ্ঞান এবং প্রযুক্তিতে আরো উন্নতি নতুন পথ তৈরি করবে যা ‘বিষয়গুলোকে ভুল দিকে নিয়ে যেতে পারে’।
বিবিসির এ বছরের রেইথ লেকচারের সময় দর্শকদের প্রশ্নের উত্তরে হকিং এসব কথা বলেন। হকিং বলেন, যদিও আগামী বছরগুলোতে পৃথিবী গ্রহের ধ্বংসের সম্ভাবনা খুবই ক্ষীণ, কিন্তু সময়ের সাথে এটা বাড়বে এবং পরবর্তী এক হাজার বা দশ হাজার বছরে এটা নিকট সম্ভাবনায় পরিণত হবে। তিনি আরো বলেন, ‘এই সময়ের মধ্যে আমাদের উচিত হবে অন্য জায়গা এবং নক্ষত্রগুলোর মধ্যে ছড়িয়ে পড়া। তাই পৃথিবীতে কোনো দুর্যোগ মানবজাতির বিলুপ্তিকে বোঝায় না’।
উল্লেখ্য, হকিংয়ের প্রথম রেইথ বক্তৃতাটি যুক্তরাজ্যে আগামী ২৬ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি বিবিসি রেডিও ৪-এ সম্প্রচার করা হবে। সূত্র: বিবিসি