প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অবসরপ্রাপ্ত বিচারপতিদের উদ্দেশে বলেছেন, ‘অবসর গ্রহণের পর রায় লেখা আইন ও সংবিধান পরিপন্থী।’
মঙ্গলবার রাতে দেশের ২১ তম প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে তিনি এক বাণীতে এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘সুপ্রিম কোর্টের বিচারপতি বাংলাদেশের সংবিধান, আইনের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের শপথ গ্রহণ করেন। কোনো বিচারপতি অবসর গ্রহণের পর তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে গণ্য হন বিধায় তার গৃহীত শপথও বহাল থাকে না। একজন বিচারপতি অবসর গ্রহণের পর আদালতের নথি নিজের নিকট সংরক্ষণ, পর্যালোচনা বা রায় প্রস্তুত করা এবং তাতে দস্তখত করার অধিকার হারান।’
এ সময় তিনি বিচারকরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে এমন বেআইনি কাজ থেকে বিরত থাকবেন বলে আশা প্রকাশ করেন।
সুরেন্দ্র কুমার সিংহা বলেন, ‘গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচিত। বিচার বিভাগ আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করে এবং গণমাধ্যম সেই বার্তা বৃহত্তর জনগোষ্ঠীর দ্বারপ্রান্তে নিয়ে যেতে সাহায্য করে।’