আগামী ২২ থেকে ২৪ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী বিক্রয় ডট কম প্রেজেন্টস বারভিডা কার এক্সপো ২০১৬।
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যাল ইম্পোটার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) ও স্প্ল্যাশ গ্রুপের যৌথ ব্যবস্থাপনায় এ মেলা অনুষ্ঠিত হবে।
জাতীয় রাজস্ব খাতে বিপুল অবদান এবং উন্নতির জন্য বিগত চার দশক ধরে কাজ করে যাওয়া বারভিডার এবারের মেলা আয়োজনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে নেক্সট জেনারেশন ভেহিক্যাল (এনজিভি) বা আগামী প্রজন্মের গাড়ি, হাইব্রিড, হাইড্রোজেন, ইলেকট্রনিক ফুয়েল সেল (ইএফসি) গাড়ি সম্পর্কে ক্রেতাদের একটি স্বচ্ছ এবং সুন্দর ধারনা দেয়া। এই সব হাইব্রিড গাড়ি পরিবেশ দূষণ রোধেই অবদান রাখবে এবং জীবাশ্ম জ্বালানির খরচ কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে অভূতপূর্ব ভূমিকা রাখবে।
এছাড়া মেলা থেকে আগ্রহী ক্রেতারা গাড়ির শো-রুমগুলো থেকে পছন্দের গাড়ি কিনতে পারবেন। বিভিন্ন ব্যাংক, লিজিং কোম্পানি, বিমা, টায়ার, ব্যাটারি, লুব্রিকেন্ট, সিএনজি কনভারশন, গাড়ির নিরাপত্তা ব্যবস্থাপনা সংস্থা এবং গাড়ির মডিফিকেশন কোম্পানি এ মেলায় অংশগ্রহণ করছে।
বিক্রয় ডটকমের ম্যানেজিং ডিরেক্টর মিশা আলি বলেন, বারভিডা কার এক্সপো ২০১৬ এর অংশ হতে পেরে আমরা আনন্দিত। বিক্রয় ডট কম পরিবেশের ওপর অবদানের ব্যাপারে খুবই সচেতন। বারভিডা কার এক্সপো ২০১৬ ক্রেতা এবং দর্শনার্থীদের যানবাহন শিল্পে ব্যবহৃত নানা ধরণের পরিবেশবান্ধব প্রযুক্তি সম্পর্কে ধারণা দেবে এবং সচেতনতার সৃষ্টি করবে।
বিক্রয় ডটকম প্রেজেন্টস বারভিডা কার এক্সপো ২০১৬ এর সার্বিক ব্যবস্থাপনায় আছে স্প্ল্যাশ গ্রুপ। গোল্ড স্পন্সর হিসেবে অংশ গ্রহণ করছে আইপিডিসি, রিল্যায়েন্স ইনস্যুরেন্স, সানজি সিএনজি কনভারশন, ওমেরা লুব্রিকেন্টস, নাভানা ব্যাটারি। কো-স্পন্সর হিসেবে আছে শেল লুব্রিকেন্টস।