‘ধুম’ হল সেই মুভি সিরিজ যার একটার চেয়ে অপরটাতে ধামাক্কার মাত্রা বাড়িয়ে দিয়ে ভক্তদের নাড়িয়ে দেয়া হয়। আর এভাবেই ‘ধুম ১’কে ছাপিয়ে যায় ‘ধুম ২’ আবার ‘ধুম ২’কে ছাপিয়ে যায় ‘ধুম ৩’। ‘এক সে বড় কর এক’ এই তাড়নাই ‘ধুম’ ওয়ালাদের হৃদয়ের গোপন কথা।
জল্পনাকল্পনার শেষ নেই এই সিরিজের পরবর্তী ছবি ‘ধুম ৪’-এর নায়িকাকে নিয়ে। এর আগের পর্বগুলোতে ঐশ্বরিয়া রাই বচ্চন, এষা দেওল, বিপাশা বসু, ক্যাটরিনা কাইফ মাত করেছিলেন একে একে। এবার কে, এবার কে? এ নিয়ে মুখর মিডিয়া।
দীপিকা? নাকি প্রিয়াঙ্কা? নাকি একেবারেই প্রথা-ছিটকানো কাল্কি? গুজবের পাহাড় ঠেলে এগোনোই দুষ্কর।
বিটাউনে ‘পাকা গুজব’ বলে একটা ব্যাপার রয়েছে। সেটা প্রকাশিত হলে হাঁফ ছাড়েন মিডিয়া-গসিপের কাণ্ডারিরা। সম্প্রতি সেটাই উঠে এল আচমকা।
না। যাদের নিয়ে সন্দেহ দানা বাঁধছিল, তারা কেউই নন। ‘ধুম ৪’-এর নায়িকা হচ্ছেন পরিণীতি চোপড়া। যদিও এখনও পর্যন্ত নিশ্চয়তা মেলেনি ‘ধুম’-কর্তাদের কাছ থেকে, তবু ‘পাকা গুজব’-এর একটা মূল্য বলিউড দিয়েই থাকে।