সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্রলীগকর্মী খুন হওয়ার পর বিশ্ববিদ্যালয়টি দুদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহিব ইবনে সিরাজ জানান, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
অভ্যন্তরীণ কোন্দলের জেরে মঙ্গলবার দুপুরে হামলায় বিবিএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব আহত হন। রাত পৌনে ১২টায় মাউন্ট অ্যাডোরা হাসপাতালে তার মৃত্যু হয়।
কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ জানান, দুপুরে নগরীর শামীমাবাদ এলাকায় নিজ দলের কর্মীদের হামলায় আহত হন হাবিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে মাউন্ট অ্যাডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত পৌনে ১২টায় সেখানে চিকিত্সাধীন অবস্থায় হাবিব মারা যান।
তিনি জানান, বুধবার দুপুরে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে হাবিবেব মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়।