গাজীপুরে হত্যার দায়ে মা-ছেলের মৃত্যুদণ্ডাদেশ

 
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সম্মানীয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে সুরুজ আলী ও তার স্ত্রী হনুফাকে বেগমকে হত্যার দায়ে আসামি মোস্তফা কামাল ও তার মা আনোয়ারা বেগমকে মৃত্যুদণ্ড এবং তার বাবা রহমত আলী ওরফে রমুকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষনা করেন। এছাড়াও রায়ে কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে একমাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
 
মামলার সংক্ষিপ্ত বিবরনে প্রকাশ, ২০১১ সালের ১৩ নভেম্বর দুপুর আড়াইটার দিকে সুরুজ আলী বাড়ির পাশের মেহগনি বাগানে গাছ পরিচর্যা করার সময় পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা সুরুজ আলীর উপর হামলা করে গুরুতর আহত করে। এ সময় তার স্ত্রী হনুফা বেগম স্বামীকে রক্ষা করতে ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই সুরুজ আলীর মৃত্যু হয়। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান হনুফা বেগম। এ ঘটনায় ১৪ নভেম্বর কাপাসিয়ায় থানায় নিহত সুরুজ আলীর ভাই মো. শাহজাহান শেখ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে। মামলায় ২১জন আদালতে সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালত ওই রায় প্রদান করেন।