দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধ হয়ে সাত শিশুর মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই ঘটনায় শ্বাসরোধ হয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই দুর্ঘটনাগুলো হয়েছে বলে জানা গেছে। 
 
দেশটির নর্দার্ন কেপ প্রদেশের কাকামাস শহরে রেফ্রিজারেটরে আটকা পড়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ওই শিশুদের নানী তাদেরকে রেফ্রিজারেটরের ভেতরে খুঁজে পান। নিহতদের বয়স তিন থেকে সাত বছরের মধ্যে। এক বিবৃতিতে পুলিশ বলেছে, শিশুদের মরদেহ উদ্ধারের সময় রেফ্রিজারেটরটির সুইচ বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, নিহত শিশুরা এর ভেতর খেলার সময় আটকে পড়ে। সেখানেই শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়। অপর এক ঘটনায় একইদিন জোহান্সবার্গের পাশের একটি এলাকায় মেরামতের অপেক্ষায় থাকা একটি গাড়িতে আটকা পড়ে শ্বাসরোধ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। ডেইলি মিরর।