প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নৌকায় শান্তি দেবে। নৌকা সমৃদ্ধি দেবে। নৌকা উন্নতি দেবে। নৌকায় এ দেশের মুক্তি এনে দেবে।’
বৃহস্পতিবার বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
সিলেটে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়ার ঘোষণা দিয়ে উপস্থিত জনতাকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের স্বাধীনতা পেয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই আজকে দেশের উন্নতি হচ্ছে। আগামী দিনেও নৌকা মার্কাকে কখনো ভুলবেন না। নৌকায় আগামীতে ভোট দেবেন তো। হাত তুলে দেখান। হাত তুলে ওয়াদা করেন। হাত তুলে ওয়াদা করেন যে, নৌকায় ভোট দেবেন।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘দেশের যখন উন্নতি হয়। মানুষ যখন শান্তিতে থাকে। আমরা দেখি একজনের মনে খুব অশান্তি দেখা দেয়। তিনি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারেন। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেন। তাঁদের হাতে কোনো মানুষই নিরাপদ থাকে না। তাঁদের মনে শুধু শান্তি নাই। আর সবাই শান্তিতে বসবাস করছে।’
তিনি বলেন, বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের স্থান হবে না। আপনারা সজাগ থাকবেন। আপনাদের খেয়াল রাখতে হবে যে, কোনো ছেলে-মেয়ে ওই সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের কাছে যেন যেতে না পারে। তারা শান্তিতে বসবাস করতে পারে, সেই ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। এই স্বাধীনতা অর্থবহ করতে চাই।’